জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এন আলম রাসেল চৌধুরী:

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৭ মে) বিকেলে বারইয়ারহাট পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে সহকারী পুলিশ সুপার (মীরসরাই সার্কেল) মোঃ নাদিম হায়দার চৌধুরীর তত্ত্বাবধান ও নির্দেশনায় জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে এসআই (নিঃ) হান্নান আল মামুন সঙ্গীয় ফোর্সসহ জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় ২ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় উত্তরা বাস স্ট্যান্ডের পেছনে ফারাজ স্টোরের সামনে রাস্তার ওপর সন্দেহজনকভাবে অবস্থানরত এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ শিপন চৌধুরী (৩০)। তিনি শরীয়তপুর জেলার নড়িয়া থানার ডিঙ্গামানিক ইউনিয়নের করান হোগলা এলাকার চৌধুরী বাড়ির বাসিন্দা। তার পিতার নাম তারা মিয়া চৌধুরী এবং মাতার নাম হাজেরা বেগম।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

জোরারগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, এলাকায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছে এবং মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *