নারায়ণগঞ্জে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন: সঠিক পরিমাপ নিশ্চিতকরণে জোরালো অঙ্গীকার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

“পরিমাপ পরিমণ্ডলে বিশ্বস্ততা, টেকসই আগামীর নিশ্চয়তা”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে যথাযথ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে উদযাপিত হয়েছে বিশ্ব মেট্রোলজি দিবস। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণ, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং বাণিজ্যিক খাতে স্বচ্ছতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর উদ্যোগে বুধবার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, শিল্প উদ্যোক্তা, সুশীল সমাজ এবং গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির। তিনি তাঁর বক্তব্যে উন্নয়ন, বাণিজ্য ও জনসেবার প্রতিটি ক্ষেত্রে সঠিক পরিমাপের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, দেশের সামগ্রিক অগ্রগতির জন্য সকল খাতে সমন্বিতভাবে কাজ করার কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, “ভোক্তা অধিকার রক্ষা এবং দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের মানদণ্ড বজায় রাখতে সঠিক পরিমাপ অপরিহার্য। একটি পণ্যের সঠিক ওজন ও পরিমাপ শুধু ক্রেতা-বিক্রেতার আস্থা বৃদ্ধি করে না, বরং এটি অর্থনীতির ভিত্তিকেও শক্তিশালী করে।”

জেলা প্রশাসক আরও উল্লেখ করেন, বাজারে ওজন ও পরিমাপে অনিয়ম ও কারচুপি রোধে জেলা প্রশাসন এবং বিএসটিআই যৌথভাবে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছে। তিনি সতর্ক করে বলেন, কোনো ব্যবসায়ী যদি মিটার, ওজন যন্ত্র বা পরিমাপের সরঞ্জামে কারসাজি করে তবে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিমাপে শতভাগ স্বচ্ছতা বজায় রাখার ওপর তিনি জোর দেন।

বিএসটিআই-এর উপপরিচালক প্রকৌশলী কাওছার আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তাসনিন আক্তার এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট আবু জাফর।

সভাপতির বক্তব্যে প্রকৌশলী কাওছার আহমেদ খান বলেন, বিএসটিআই সঠিক পরিমাপ নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি জানান, পেট্রোল পাম্প, সিএনজি স্টেশন, স্বর্ণালংকারের দোকানসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহৃত ওজন ও পরিমাপ যন্ত্র নিয়মিত ক্যালিব্রেশন করা বাধ্যতামূলক করা হয়েছে। এ বিষয়ে ভবিষ্যতে নজরদারি আরও জোরদার করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার তাসনিন আক্তার আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ভোক্তা অধিকার সংরক্ষণে সহযোগিতার আশ্বাস দেন এবং বাজার মনিটরিং কার্যক্রম আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট আবু জাফর বলেন, সঠিক পরিমাপ নিশ্চিত করা গেলে ব্যবসা-বাণিজ্যে আস্থা বাড়ে এবং ন্যায্য প্রতিযোগিতার পরিবেশ তৈরি হয়। তিনি ব্যবসায়ীদের প্রতি মানসম্মত যন্ত্রপাতি ব্যবহারের আহ্বান জানান।

আলোচনা সভায় আরও বলা হয়, আধুনিক অর্থনীতিতে মেট্রোলজি বা পরিমাপ বিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতা সক্ষমতা অর্জন এবং ভোক্তার অধিকার রক্ষায় সঠিক পরিমাপ ব্যবস্থা অপরিহার্য।

অনুষ্ঠানের শেষাংশে উপস্থিত অতিথিরা একমত হন যে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সঠিক পরিমাপ নিশ্চিতকরণ একটি মৌলিক ভিত্তি হিসেবে কাজ করবে। সভায় স্থানীয় ব্যবসায়ী নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, শিল্প উদ্যোক্তা এবং গণমাধ্যমকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *