আশুলিয়া প্রতিনিধি:
সাভারের আশুলিয়ার রশিদ মার্কেট এলাকায় একটি ফ্যাক্টরি (কারখানা) জোরপূর্বক দখলকে কেন্দ্র করে পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দৈনিক চৌকস পত্রিকার স্টাফ রিপোর্টার আলতাফ হোসেন। কর্তব্যরত অবস্থায় একজন গণমাধ্যমকর্মীর ওপর এমন নৃশংস হামলার ঘটনায় স্থানীয় সংবাদকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রশিদ মার্কেট এলাকায় একটি ফ্যাক্টরি দখলকে কেন্দ্র করে স্থানীয় কিছু সন্ত্রাসী ও দখলদার চক্র বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে। এই ঘটনার সংবাদ সংগ্রহ করতে দৈনিক চৌকস পত্রিকার স্টাফ রিপোর্টার আলতাফ হোসেন সেখানে যান। তথ্য ও ছবি সংগ্রহের একপর্যায়ে সন্ত্রাসীরা তাঁর ওপর চড়াও হয় এবং অতর্কিত ও নৃশংস হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন।
এদিকে, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকের ওপর এমন বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠন। এক যৌথ বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো গণমাধ্যমকর্মীকে হামলা, হুমকি কিংবা ভয়ভীতি প্রদর্শনের শিকার হতে হবে—এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাংবাদিকের কলম ও কণ্ঠরোধ করে সত্যকে কখনোই আড়াল করা যাবে না।
বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার এবং মাঠপর্যায়ে কর্মরত সাংবাদিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে।