ভূমি সেবা মেলায় সাংবাদিকদের প্রশ্নে ক্ষোভ প্রকাশ, শোকজ উপ-সহকারী ভূমি কর্মকর্তা

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় চলমান তিন দিনব্যাপী ভূমি সেবা মেলায় অসৌজন্যমূলক মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন চিরিঙ্গা ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা খালেদা বেগম। তাঁর একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত ভূমি সেবা মেলায় এ ঘটনা ঘটে। মেলায় বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের পক্ষ থেকে পৃথক স্টল স্থাপন করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মেলার সার্বিক কার্যক্রম নিয়ে স্থানীয় সাংবাদিকরা চিরিঙ্গা ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা খালেদা বেগমের কাছে জানতে চাইলে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এটি ভূমি মেলা নয়, এটি ফেঁজা মেলা। আমি কর্মকর্তা নই, কর্মকুত্তা।” তাঁর এমন বক্তব্যের ভিডিও তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় মহলে সমালোচনার ঝড় ওঠে। সচেতন মহলের দাবি, একজন সরকারি কর্মচারীর এমন মন্তব্য সরকারি সেবার ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং এটি সরকারি চাকরি বিধিমালার পরিপন্থী। এছাড়াও তাঁর বিরুদ্ধে সেবাগ্রহীতাদের সঙ্গে অসদাচরণ ও বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে মোঃ শাহীন দেলোয়ার বলেন, “বিষয়টি আমি দেখেছি। একজন সরকারি কর্মকর্তার এমন আচরণ কাম্য নয়। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব বলেন, “ভূমি সেবা মেলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ ধরনের তির্যক ও ব্যঙ্গাত্মক মন্তব্য শিষ্টাচারবহির্ভূত। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অভিযুক্ত কর্মকর্তাকে শোকজ করা হয়েছে এবং তাঁর নিকট লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *