মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে ওসমান গনি (৪০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ওসমান গনি ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন মো. আলাউদ্দিন। এর আগে বুধবার (২০ মে) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া এলাকার বিলসংলগ্ন কাউন্দার চক এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রমজান আলী-এর সঙ্গে ভেকু দিয়ে মাটি কাটা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই বুধবার গভীর রাতে প্রতিপক্ষের লোকজন ওসমান গণির ওপর অতর্কিত হামলা চালায়। এসময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
পরে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে তাকে আড়াইহাজার জবেদ আলী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানোর পরামর্শ দেন। তবে ঢাকা নেওয়ার পথেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে স্বজনরা।
নিহত ওসমান গনি উপজেলার বড় বিনাইরচর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া-র ছেলের ঘরের নাতনি জামাই এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন জিকু-র ছোট চাচা বলে জানা গেছে।
হত্যাকাণ্ডের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সকাল থেকেই উত্তেজনা দেখা দেয়। নিহতের স্বজন ও দলীয় নেতাকর্মীরা আড়াইহাজার-গাউছিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। এসময় কয়েকটি যানবাহনে ভাঙচুরের ঘটনাও ঘটে। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও বিক্রি চললেও উপজেলা প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। স্থানীয়দের দাবি, প্রশাসনের নজরদারির অভাব ও প্রভাবশালীদের দৌরাত্ম্যের কারণেই পরিস্থিতি দিন দিন ভয়াবহ হয়ে উঠছে।
আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
তিনি আরও বলেন, “রাস্তায় যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”