কামরুল ইসলাম:
কক্সবাজার-টেকনাফ মহাসড়কে ডাম্পার চালকের অসতর্কতার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর উঠে গেলে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২০ মে) বেলা সাড়ে ১১টার দিকে উখিয়া উপজেলার আমতলী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার-টেকনাফ সড়ক দিয়ে দ্রুতগতিতে চলাচলরত একটি ডাম্পার হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পথচারীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কয়েকজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন।
পরে আহতদের উদ্ধার করে উখিয়া সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সুফিয়া (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়। নিহত সুফিয়া টেকনাফ উপজেলার মহেশখালিয়া পাড়া এলাকার আব্দুল হামিদের স্ত্রী বলে জানা গেছে।
দুর্ঘটনায় আহতরা হলেন— উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৭ এর বাসিন্দা মুবিনা খাতুন (৪৫), টেকনাফের মুশকালিপাড়ার জিয়াবুল (১৮) এবং ক্যাম্প-৭ এর চার বছর বয়সী শিশু মো. হাফিজ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী মো. সাত্তার জানান, “হঠাৎ বিকট শব্দ শুনে সবাই ছুটে যায়। ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোকজনকে চাপা দেয়। পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।”
এ বিষয়ে সাইফুল ইসলাম বলেন, “দুর্ঘটনাকবলিত ডাম্পারটি জব্দ করা হয়েছে। ঘটনার পর চালক পালিয়ে গেছে কিনা, সেটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
স্থানীয়দের অভিযোগ, কক্সবাজার-টেকনাফ মহাসড়কে বেপরোয়া গতিতে ভারী যানবাহন চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।