কামরুল ইসলাম:
ঈদুল আজহা উপলক্ষে দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে বাংলাদেশ সরকারের ভিজিএফ (Vulnerable Group Feeding) কর্মসূচির আওতায় বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে। চট্টগ্রামের আমিরাবাদ ইউনিয়নে আয়োজিত এ কার্যক্রমে স্থানীয় অসহায় মানুষের মাঝে সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে খাদ্য সহায়তা বিতরণ করেন আমিরাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাস্টার জাহাঙ্গীর আলম।
বৃহস্পতিবার (২১ মে) অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহাজাহান চৌধুরী। এসময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা অসহায়, দুস্থ ও নিম্নআয়ের পরিবারের সদস্যরা ভিজিএফের চাল গ্রহণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আজহাকে সামনে রেখে দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য সংকট লাঘবের লক্ষ্যে প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। আয়োজকরা জানান, সরকারের পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকেও সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে।
চাল নিতে আসা অনেক উপকারভোগী জানান, অতীতে বিভিন্ন সময় অনুদান নিতে এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও খালি হাতে ফিরে যেতে হয়েছে। তবে বর্তমানে প্যানেল চেয়ারম্যান মাস্টার জাহাঙ্গীর আলমের তত্ত্বাবধানে সুষ্ঠু ও স্বচ্ছভাবে অনুদান বিতরণ করা হচ্ছে।
স্থানীয় কয়েকজন নারী ও বয়স্ক উপকারভোগী বলেন, “আগে অনেক ভোগান্তি হতো। কিন্তু এখন সুন্দরভাবে লাইনে দাঁড়িয়ে আমরা চাল পাচ্ছি। চেয়ারম্যান জাহাঙ্গীর আলম নিজেও মানুষের সঙ্গে হাসিমুখে কথা বলেন এবং সহযোগিতা করেন।”
এলাকাবাসীর দাবি, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। তারা ভবিষ্যতেও এমন জনবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউনিয়ন পরিষদের সদস্য, তৃণমূল নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।