পীরগাছায় সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় দুই শিক্ষক গ্রেফতার, আদালতে সোপর্দ

মোঃআনজার শাহ:-

রংপুরের পীরগাছায় দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় অবশেষে আইনের দীর্ঘ হাত পৌঁছে গেল অভিযুক্তদের কাছে। ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে পীরগাছা থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, একটি দাখিল মাদ্রাসার সুপার লুৎফর রহমান এবং রামচন্দ্র মৌজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান। গ্রেফতারের পর তাদের উভয়কেই আদালতে সোপর্দ করা হয়েছে।

জানা যায়, পীরগাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক সংবাদ-এর স্থানীয় প্রতিনিধি আব্দুল কুদ্দুস সরকার দুর্নীতি-সংক্রান্ত একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন। সেই প্রতিবেদনের জেরেই ক্ষুব্ধ হয়ে একটি মহল তাঁর ওপর সশস্ত্র হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।

পুলিশের দ্রুত পদক্ষেপ এবং অভিযুক্তদের গ্রেফতারকে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন সচেতন মহল। এ ঘটনায় স্থানীয় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটিসহ সাংবাদিক সংগঠনগুলো।

উল্লেখ্য, সত্য প্রকাশের দায়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা দেশে নতুন নয়। তবু যখনই আইনশৃঙ্খলা বাহিনী দ্রুততার সঙ্গে অভিযুক্তদের আইনের আওতায় আনে, তখন তা গণমাধ্যমকর্মীদের মনে সাহস ও আস্থা জাগিয়ে তোলে। পীরগাছার এই ঘটনায় সেই বার্তাই আবারও স্পষ্ট হলো, দুর্নীতির বিরুদ্ধে কলম ধরা অপরাধ নয়, বরং সেই কলমে হামলা করাটাই শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *