মোঃ আব্দুল গফুর সিকদার:
ভোলার মনপুরা উপজেলার ফকিরহাট বাজার এলাকায় ৮ পিস ইয়াবাসহ এক মাদক সেবনকারীকে আটক করেছে মনপুরা থানা পুলিশ। শুক্রবার (২২ মে ২০২৬) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফকিরহাট বাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয় জনতা মোঃ সোহাগ নামে এক ব্যক্তিকে আটক করেন। পরে খবর পেয়ে মনপুরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়। এ সময় তার কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানা গেছে।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোঃ সোহাগ ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত কয়েকজনের নাম উল্লেখ করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশ আটক ব্যক্তিকে থানায় নিয়ে গিয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করে।
এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বলেন, “মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার হওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে কেউ মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত হতে সাহস না পায়। একই সঙ্গে এ চক্রের সঙ্গে জড়িত মূল হোতাদেরও দ্রুত আইনের আওতায় আনা উচিত।”
এ ঘটনায় তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানা গেছে।