খুন হওয়া যুবদল নেতা বাবুর পরিবারের পাশে বিএনপি নেতা রফিকুল ইসলাম জামাল এমপি

আমির হোসেন:

ঝালকাঠির নলছিটিতে দুর্বৃত্তদের হাতে খুন হওয়া যুবদল নেতা আমিনুল ইসলাম বাবুর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক ও ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। সোমবার (১ জুন) বেলা ১১টায় উপজেলার নাচনমহল এলাকায় আমিনুল ইসলাম বাবুর বাড়িতে গিয়ে তিনি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

পরে তিনি নিহতের কবর জিয়ারত করেন এবং মোনাজাতে অংশ নেন। এ সময় তিনি নিহতের বাবা-মাসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এমপিকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। নিহতের বাবা আলমগীর হোসেন কান্নাজড়িত কণ্ঠে ছেলেকে নৃশংসভাবে হত্যার ঘটনার বর্ণনা দেন এবং জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় রফিকুল ইসলাম জামাল শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন।

সাক্ষাৎকালে তিনি বলেন, “ইউনিয়ন যুবদল নেতা আমিনুল ইসলাম বাবুর হত্যাকাণ্ড অত্যন্ত মর্মান্তিক। দ্রুততম সময়ের মধ্যে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।” তিনি এ বিষয়ে পুলিশ প্রশাসনের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এ সময় জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৪ মে দুপুরে নলছিটি উপজেলার কুড়ালিয়া গ্রামের একটি পুকুর থেকে নাচনমহল ইউনিয়ন যুবদল নেতা আমিনুল ইসলাম বাবুর ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহে মাথা ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়। হত্যাকাণ্ডের পর থেকেই জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছেন নিহতের স্বজন ও রাজনৈতিক সহকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *