জোরারগঞ্জে ৬৮ হাজার ইয়াবাসহ আটক ১, পলাতক ১

এন. আলম রাসেল চৌধুরী:

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬৮ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য দুই কোটি তিন লাখ চার হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১ জুন) রাত ২টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানা পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় আল-নুর হাসপাতালের বিপরীত পাশে ঢাকাগামী লেনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে।

এ সময় একটি কালো রঙের এক্সিও প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-৩৪-৭৬৮৯) তল্লাশি করে গাড়ির ব্যাকডালার পেছনে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা সাদা ও কালো পলিথিনে স্কচটেপ দিয়ে মোড়ানো সাতটি বান্ডেল উদ্ধার করা হয়। এসব বান্ডেল থেকে মোট ৬৭ হাজার ৬৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৬০০ পিস ইয়াবার ভাঙা গুঁড়া জব্দ করা হয়।

অভিযানকালে বাবু মোল্লা (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি চুয়াডাঙ্গা জেলার হকপাড়া এলাকার মৃত শফি মোল্লার ছেলে। তবে অভিযানের সময় তার এক সহযোগী অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।

পুলিশ আরও জানায়, জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ৩ লাখ ৪ হাজার টাকা এবং জব্দকৃত প্রাইভেটকারটির মূল্য প্রায় ১৫ লাখ টাকা।

জোরারগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) হান্নান আল মামুন উদ্ধারকৃত মাদক ও প্রাইভেটকার জব্দ তালিকামূলে জব্দ করেন।

এ ঘটনায় গ্রেফতার ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *