স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

মোহাম্মদ হোসেন হ্যাপী:

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সঙ্গে আজ তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কের অগ্রযাত্রা সূচিত হয়। মহান মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের কূটনীতিক আর্চার কেন্ট ব্লাড বাংলাদেশের পক্ষে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সরকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি মাইলফলক অতিক্রম করছে।

স্পিকার বলেন, বাংলাদেশে অনুষ্ঠিত সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশের জনগণ সবসময় স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করে এসেছে। তিনি বলেন, বাংলাদেশ কেবল গণতন্ত্রের মাধ্যমেই প্রকৃত সমৃদ্ধি অর্জন করতে পারে।

সাক্ষাৎকালে তাঁরা উভয়েই যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি, জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক উন্নয়ন, সংসদীয় ককাস ফোরামে গণতন্ত্র দিবস উদযাপন, বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ উদ্ধারে মার্কিন সরকারের সহায়তা এবং চলমান জ্বালানি সংকট নিরসনে বাংলাদেশে তেল ও গ্যাসক্ষেত্র অনুসন্ধানের মাধ্যমে জনদুর্ভোগ লাঘবের বিষয়ে মতবিনিময় করেন।

স্পিকার এ সময় বাংলাদেশে বিদ্যমান রোহিঙ্গা সংকট সম্পর্কে মার্কিন রাষ্ট্রদূতকে অবহিত করেন এবং এ সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।

রাষ্ট্রদূত এ সময় জাতীয় সংসদের স্পিকার পদে নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানান।

সাক্ষাৎকালে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সদস্যবৃন্দ এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *