আব্দুল আজিজ আল মাক্কী:
চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাটে কেরানীহাট পিকআপ ভ্যান চালক সমবায় সমিতির নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ নুরুল আবছার।
সমিতির সভাপতি মোহাম্মদ রাসেলের সভাপতিত্বে এবং শ্রমিক নেতা নুরুল হক নুরুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, ঢেমশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের, ব্যবসায়ী মোঃ দিদারুল আলম, দক্ষিণ জেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক সোলাইমান বাবুল, কেরানীহাট হাইচ চালক সমিতির সভাপতি মোঃ রফিক, হাইচ মালিক সমিতির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, পরিবহন শ্রমিক নেতা মোঃ শফিসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে পিকআপ ভ্যান চালকদের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমিতির কার্যক্রম আরও গতিশীল করা এবং চালকদের বিভিন্ন সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। এ সময় তাঁরা সমিতির সার্বিক কার্যক্রম পরিচালনায় সবার সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আবছার উপস্থিত চালকদের উদ্দেশে বলেন, সবাইকে ট্রাফিক আইন মেনে গাড়ি চালাতে হবে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। ঘুম ঘুম ভাব নিয়ে কোনো অবস্থাতেই গাড়ি চালানো যাবে না। প্রয়োজনে কিছুক্ষণ বিরতি নিয়ে চোখে-মুখে পানি দিয়ে সতেজ হয়ে পুনরায় গাড়ি চালাতে হবে। নিজের জীবন ও অন্যের নিরাপত্তার স্বার্থে প্রত্যেক চালককে সচেতন হতে হবে। তিনি বলেন, ‘সচেতন হোন, নিজে বাঁচুন, অন্যকে বাঁচান।’
এ সময় সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, কেরানীহাট এলাকায় দীর্ঘদিন ধরে যানজট একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যত্রতত্র ও ঝুঁকিপূর্ণভাবে অবৈধ পার্কিং এবং মহাসড়কের ওপর অযথা গাড়ি দাঁড় করিয়ে রাখার কারণে যানজট সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ বাড়ছে। বিশেষ করে জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্সের যাতায়াত বিঘ্নিত হচ্ছে।
তিনি আরও বলেন, যানজট নিরসনে পরিবহন চালক, মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং জনদুর্ভোগ কমাতে সবাইকে সচেতন হতে হবে। প্রশাসন সবসময় জনগণকে সেবা প্রদানে কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে পরিবহন খাতের শৃঙ্খলা প্রতিষ্ঠা, চালকদের কল্যাণ নিশ্চিত করা এবং কেরানীহাট এলাকার যানজট নিরসনে সমিতির নেতৃবৃন্দ ও প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।