ময়মনসিংহের তারাকান্দায় মাদ্রাসাছাত্রী অপহরণের অভিযোগ

নাছিমা খাতুন সুলতানা:

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা তারাকান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে নিখোঁজ ছাত্রীর পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার ৪ নম্বর গালাগাঁও ইউনিয়নের গাবরগাতী গ্রামের বাসিন্দা মো. এনামুল বিশ্বাসের ১৬ বছর বয়সী মেয়ে মোছাঃ রুনা আক্তার গত ২৬ মে ২০২৬ তারিখে প্রতিদিনের মতো মাদ্রাসায় পড়াশোনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু দিন শেষে সে আর বাড়িতে ফিরে আসেনি।

পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পরদিন একই এলাকার মৃত আব্দুস ছাত্তার বিশ্বাসের ছেলে মো. মাহফুজ বিশ্বাস ফোন করে রুনার বাবাকে জানায় যে, তার মেয়ে তাদের কাছে রয়েছে। পরিবারের পক্ষ থেকে মেয়েকে ফিরিয়ে দেওয়ার জন্য একাধিকবার অনুরোধ ও বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করা হলেও তাকে ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে।

পরবর্তীতে ভুক্তভোগী ছাত্রীর বাবা মো. এনামুল বিশ্বাস বাদী হয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে মো. মাহফুজ বিশ্বাস এবং তার ভাই মো. আলমগীর বিশ্বাসকে অভিযুক্ত করা হয়েছে।

এদিকে মেয়ের খোঁজ না পেয়ে ছাত্রীর মা হালিমা খাতুন কান্নায় ভেঙে পড়েছেন। পরিবারের সদস্যদের দাবি, মেয়েটিকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

ঘটনাটি নিয়ে পুরো গ্রাম ও আশপাশের এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি জানার জন্য জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। এ সময় গ্রামবাসীর অনেকে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উভয় পরিবার একই এলাকার ও একই গোষ্ঠীর হলেও বিষয়টি পারিবারিকভাবে সমাধানের বিভিন্ন চেষ্টা করা হয়েছে। তবে অভিযোগ রয়েছে, ছেলেপক্ষ আলোচনায় বসতে আগ্রহ দেখায়নি।

স্থানীয় সচেতন মহল মনে করছে, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে। এ কারণে ভুক্তভোগী পরিবার জেলা প্রশাসন, পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

ভুক্তভোগী ছাত্রীর বাবা-মা, স্বজন এবং এলাকাবাসীর দাবি, মেয়েটিকে দ্রুত উদ্ধার করে আইনের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। একই সঙ্গে তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত অবস্থা তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে। তবে ঘটনার পর থেকে এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *