এস. কিবরিয়া করিম:
পটুয়াখালীর দশমিনা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ১১ জন আহত হয়েছেন।
রোববার সকাল ১১টার দিকে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জাফরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, জাফরাবাদ গ্রামের রুস্তম গং ও কাশেম প্যাদা গংয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে রোববার সকালে বিরোধপূর্ণ জমি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের ১১ জন আহত হন।
আহতরা হলেন, শিল্পী (৩২), শামীম (৩৮), কাশেম প্যাদা (৬৮), ইমরান (২৮), কোহিনুর (৬০), কাজল (৪০), আরাফাত (১০), হেলেনা (৫০), নাঈম (১৫), ইয়াসিন (২২) ও শাহীন (৩২)।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষের অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।