মাসুদুর রহমান:
ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা জেলা ডিবি (উত্তর) ধামরাইয়ে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৮ জুন) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ধামরাই থানার খোলামোড়া তিন রাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মো. রাশেদ মিয়া ও সঙ্গীয় ফোর্স। এ সময় কৃষ্ণ চন্দ্র মনি দাস (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ২৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৭৭ হাজার ৫০০ টাকা।
অপরদিকে, একই দিন রাত ৯টা ৩০ মিনিটে ধামরাই থানার শ্রীরামপুর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মো. শাহাদাৎ হোসেন ও সঙ্গীয় ফোর্স। এ সময় মো. আবু তাহের (২৭) নামে আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখা হবে।