আবু সায়েদ:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৮নং চর কাদিরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জমাদার বাড়ি এলাকায় ওয়ারিশি সম্পত্তিতে ঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জাহানারা বেগম, নুরুজ্জামান, খুরশিদ বেগম, আমির হোসেন, মোহাম্মদ হাসান ও নিহা আক্তারের দাদার ওয়ারিশি সম্পত্তিতে জাহাঙ্গীর, সালাউদ্দিন, মোকলেছ, দিদারসহ কয়েকজন ব্যক্তি জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা করেন। এ সময় তারা বাধা দিলে স্থানীয় সালিশি সিদ্ধান্ত অমান্য করে তাদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়।
হামলায় কয়েকজন গুরুতর আহত হন বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার। আহতদের মধ্যে কয়েকজনের রক্তাক্ত জখম ও হাড়ভাঙার মতো আঘাত রয়েছে বলে জানা গেছে।
এদিকে, ঘটনার পর অভিযুক্ত পক্ষ ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই মামলায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা বর্তমানে জামিনে রয়েছেন।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ভুক্তভোগীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তবে এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।