হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

কামরুল ইসলাম:

চট্টগ্রামের হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ জুয়েল (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।

বুধবার (১০ জুন) সকালে উপজেলার আমান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত জুয়েল কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার বড়ভোগ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মিয়া ঘোনা বড়গোপ এলাকার আজম কলোনীর বাসিন্দা এবং মৃত আব্দুস সালামের ছেলে।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ৮ জুন সকালে চিকনদন্ডী ইউনিয়নের আমান বাজার এলাকায় পরিবারের অন্য সদস্যদের অনুপস্থিতির সুযোগে জুয়েল তার শ্যালিকাকে জোরপূর্বক ধর্ষণ করেন। অভিযোগে আরও বলা হয়, ঘটনাটি কাউকে জানালে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়।

পরে ভুক্তভোগী ওইদিন রাতেই হাটহাজারী মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

উল্লেখ্য, অভিযোগ আনা মানেই অপরাধ প্রমাণিত নয়। আদালতে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগের সত্যতা নির্ধারিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *