চট্টগ্রাম প্রতিনিধি:
গত সোমবার (৮ জুন) সকালে রাঙ্গুনিয়া থানা পুলিশ নাপিত পুকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে বাহাদুর আলম ও জাফর আলম নামের দুজন আসামিকে গ্রেপ্তার করে। বাহাদুর আলম পদুয়া ইউনিয়নের নাপিত পুকুরিয়া সুলতান তালুকদার বাড়ির ডা. সায়ের আহমদের ছেলে এবং জাফর আলম একই ইউনিয়নের দুধ পুকুরিয়া এলাকার পূর্বপাড়ার রাজা মিয়ার ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগীর স্বামী মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে থাকেন। সেই সুবাদে ২০২৫ সালের ২৮ এপ্রিল সকালে আসামিরা ভুক্তভোগীর ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। পরে ভুক্তভোগী চিৎকার করলে আসামিরা তাকে বাটাম দিয়ে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে চলে যায়। তবে চলে যাওয়ার সময় ভুক্তভোগীর ছেলে ও ভাই আসামিদের দেখে ফেলেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জখমের প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে রেফার করেন এবং সেখানে তিনি চিকিৎসা নেন। পরবর্তীতে ভুক্তভোগী আদালতে উপস্থিত হয়ে মামলা দায়ের করেন।
এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমদ জানান, নারী ও শিশু নির্যাতন মামলায় দুইজনকে গ্রেপ্তার করে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদেরও আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।