নারায়ণগঞ্জ বন্দরে এতিম শিশুর ব্যাংক ব্যালেন্স ও সম্পত্তি দখলের অভিযোগ: ন্যায়বিচার ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় ভুক্তভোগী পরিবার

সূর্য আহমেদ মিঠুন:

‎নারায়ণগঞ্জের বন্দর থানায় মৃত স্বামী মাসুদুর রহমান মাসুদের ব্যাংক জমা অর্থ ও সম্পত্তি আত্মসাৎ এবং এতিম সন্তানের অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে পরিবারের সদস্যদের বিরুদ্ধে। ‎ভুক্তভোগী স্ত্রী ও সাংবাদিক তানজিলা আক্তার লিপি অভিযোগ করেছেন, তার দেবর আনিসুর রহমান, সৎ ভাই মাহবুবুর রহমান, শাশুড়ী মাকসুদা রহমানসহ একটি সিন্ডিকেট তার স্বামীর ব্যাংকে থাকা কোটি কোটি টাকা এবং পারিবারিক সম্পত্তি দখলের চেষ্টা করছে।

‎তিনি জানান, তার শ্বশুর সিদ্দিক সেক্রেটারির মৃত্যুর পর ইসলামী ব্যাংক হেড অফিসের একাউন্টে থাকা বড় অঙ্কের অর্থ আত্মসাৎ করা হয়, যেখানে নমিনি ছিলেন তার স্বামী মাসুদুর রহমান ও দেবর আনিসুর রহমান। স্বামীর মৃত্যুর পর সেই অর্থ এবং বসতবাড়ি বিক্রির ২০ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। ‎তানজিলা আক্তার লিপি আরও বলেন, স্বামীর মৃত্যুর পর থেকে তাকে ও তার পাঁচ বছরের ছেলে মাহাদী রহমান সাদিককে নানা ধরনের নির্যাতন ও ভয়ভীতি দেখানো হচ্ছে। এমনকি বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

‎তার অভিযোগ অনুযায়ী, ইস্পাহানি বাজার এলাকায় থাকা পারিবারিক দোকান ও জমি জোরপূর্বক দখল করে সেখানে টং দোকান স্থাপন করা হয়েছে। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ ও প্রশাসনিক হস্তক্ষেপ হলেও তা উপেক্ষা করে দখল অব্যাহত রয়েছে বলেও অভিযোগ করা হয়।‎এছাড়া অভিযোগে বলা হয়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে কর্মরত কিছু সদস্য তাদের প্রভাব খাটিয়ে নির্মাণ কাজ ও সম্পত্তি ভোগদখলে বাধা সৃষ্টি করছেন।

‎ভুক্তভোগী জানান, বর্তমানে তিনি ঋণের বোঝা নিয়ে মানবেতর জীবনযাপন করছেন এবং সন্তানের ভবিষ্যৎ নিয়ে চরম উদ্বেগে আছেন। তিনি অভিযোগ করেন, প্রশাসনের কাছে ন্যায়বিচার না পেয়ে তিনি হতাশ। ‎তিনি বলেন, তার এতিম সন্তান মাহাদীর প্রাপ্য অধিকার ও সম্পত্তির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরি।‎এ ঘটনায় তিনি বন্দর থানায় একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বলে জানান। অভিযুক্তদের মধ্যে রয়েছেন— মো. হাবীব, মাহাবুর রহমান, মিঠু, আনিস, মো. আতিকুর, আনাস, সাফিয়া খাতুন শিউলী ও আব্দুর রশিদসহ আরও কয়েকজন। ‎তিনি প্রশাসনের পাশাপাশি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *