কক্সবাজার স্টাফ রিপোর্টার:
কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ছয়নাম্বার সমবায় সমিতি-সংলগ্ন বাকখালী নদীর জমি দখল করে অনুমোদন ছাড়াই বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তি ভুট্টোর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, উন্নয়ন কর্তৃপক্ষের নির্দেশনা ও সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করেই নির্মাণকাজ চালিয়ে যাওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রের দাবি, বাকখালী নদীর জায়গা দখল করে দীর্ঘদিন ধরে বহুতল ভবনের নির্মাণকাজ চলছে। যদিও সম্প্রতি বিভিন্ন সরকারি উপদেষ্টা ও নৌ-পরিবহন মন্ত্রী নদী ও জলাশয়ের জমি দখলের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। এরপরও সংশ্লিষ্ট নির্দেশনা অমান্য করে এমন নির্মাণকাজ চলমান থাকায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে।
অভিযোগ রয়েছে, বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ কিংবা সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নিতে গেলে সাংবাদিকদের ওপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হয়। এ কারণে অনেকেই প্রকাশ্যে এ বিষয়ে কথা বলতে সাহস পাচ্ছেন না বলেও দাবি স্থানীয়দের।
স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, কিসের জোরে এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখা হচ্ছে? একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরব ভূমিকা নিয়েও এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, নদী ও জলাশয় রক্ষায় সরকারের ঘোষিত নীতির কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হলে এ ধরনের অভিযোগ দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত করা জরুরি।