স্টাফ রিপোর্টার : শরীফুল ইসলাম
মাদারীপুরে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে পুনরায় চালু হয়েছে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র ও (আইসিইউ) সেবা। ফলে জেলার হাজারো মানুষের দীর্ঘদিনের চিকিৎসা সংকট অনেকটাই লাঘব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দীর্ঘ সময় ধরে আইসিইউ সেবা বন্ধ থাকায় গুরুতর অসুস্থ রোগীদের উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করতে হতো। এতে রোগীর স্বজনদের যেমন অতিরিক্ত ভোগান্তি পোহাতে হতো, তেমনি অনেক ক্ষেত্রে রোগীর জীবনও ঝুঁকির মুখে পড়তো ।
হাসপাতাল সূত্রে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আইসিইউ সেবা পুনরায় চালুর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মাদারীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব জাহান্দার আলী মিয়া। তিনি বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তর ও কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করেন এবং সেবাটি পুনরায় চালুর জন্য নিরলসভাবে কাজ করেন।
স্থানীয় সচেতন মহল মনে করছে, আইসিইউ সেবা চালু হওয়ায় জেলার স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যুক্ত হয়েছে। এখন সংকটাপন্ন রোগীদের চিকিৎসার জন্য দূর-দূরান্তে ছুটে যেতে হবে না, ফলে সময়মতো চিকিৎসা নিশ্চিত করা সহজ হবে।
আইসিইউ সেবা পুনরায় চালু হওয়ায় জেলার সর্বস্তরের মানুষের মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পেয়েছে। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় জন প্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ মাননীয় সংসদ সদস্য জনাব জাহান্দার আলী মিয়ার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সাধারণ মানুষের প্রত্যাশা, স্বাস্থ্যসেবার উন্নয়নে এ ধরনের কার্যকর উদ্যোগ অব্যাহত থাকবে এবং মাদারীপুর জেলা হাসপাতাল ভবিষ্যতে আরও আধুনিক ও জনবান্ধব চিকিৎসাসেবা নিশ্চিত করতে সক্ষম হবে।