সাংবাদিক সোনালীর পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ সদর উপজেলায় যোগদানের পর থেকেই বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করে চলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন। প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তিনি মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছেন।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সদর উপজেলা পরিষদ কার্যালয়ে ব্যস্ত কর্মসূচির মধ্যেও চাষাড়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক সোনালীর খোঁজখবর নেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন। তিনি সাংবাদিকের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেওয়ার পাশাপাশি চিকিৎসা ব্যয়ের জন্য ব্যক্তিগতভাবে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।

ইউএনওর আন্তরিকতা ও সহমর্মিতায় কৃতজ্ঞতা প্রকাশ করে সাংবাদিক সোনালী বলেন,
“আমি ইউএনও স্যারের আন্তরিকতা দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। এত ব্যস্ততার মধ্যেও তিনি আমার কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এমন মানবিক আচরণ অবশ্যই প্রশংসার দাবিদার।”

এ বিষয়ে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন,
“আমার কাছে যারা আসেন, তারা যেন একটি আশার আলো খুঁজে পান—আমি সবসময় সেই চেষ্টা করি। সরকারি নিয়মের সীমাবদ্ধতা থাকলেও ব্যক্তিগতভাবে যতটা সম্ভব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। কাউকে নিরাশ করে ফিরিয়ে দিতে চাই না।”

তিনি আরও বলেন,
“প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি প্রতিদিন এমন কিছু করার চেষ্টা করি, যা মানুষের মুখে হাসি ফোটায়। মানুষের জন্য কাজ করতে পারাটা আমার কাছে দায়িত্বের পাশাপাশি আত্মতৃপ্তিরও বিষয়।”

স্থানীয়দের মতে, মানবিক দৃষ্টিভঙ্গি ও সাধারণ মানুষের প্রতি সহমর্মিতার কারণে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন ইতোমধ্যেই নারায়ণগঞ্জ সদর উপজেলায় ইতিবাচক সাড়া ফেলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *