লক্ষলখোলা বাগবাড়ি ঈদগাহে বালু ভরাট করল নাসিক

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) বন্দর ২৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লক্ষলখোলা বাগবাড়ি ঈদগাহ মাঠে বালু ভরাটের কাজ সম্পন্ন করা হয়েছে। নাসিকের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খানের উদ্যোগে এ কাজ বাস্তবায়িত হওয়ায় ঈদগাহ কমিটি ও স্থানীয় বাসিন্দারা তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক যুগ আগে সিটি করপোরেশনের রাস্তা ও ড্রেন নির্মাণের ফলে ঈদগাহ মাঠটি আশপাশের সড়কের তুলনায় প্রায় চার ফুট নিচু হয়ে পড়ে। এতে সামান্য বৃষ্টিতেই মাঠে পানি জমে কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হতো। ফলে ঈদের নামাজসহ ধর্মীয় কার্যক্রম পরিচালনায় নানা ভোগান্তির সম্মুখীন হতে হতো মুসল্লিদের। এ অবস্থায় ঈদগাহ কমিটির নেতৃবৃন্দ ও এলাকাবাসী বিষয়টি নাসিকের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খানের নজরে আনেন। অভিযোগ পাওয়ার পর তিনি দ্রুত বিষয়টি গুরুত্বসহকারে আমলে নিয়ে প্রকৌশলী দল পাঠিয়ে সরেজমিনে পরিদর্শনের ব্যবস্থা করেন। পরিদর্শন শেষে ঈদগাহ মাঠে বালু ভরাটের নির্দেশ দেন তিনি।

তারই ধারাবাহিকতায় গত শুক্রবার রাতে ঈদগাহ মাঠে বালু ভরাটের কাজ সম্পন্ন হয়। এতে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে বলে আশা করছেন এলাকাবাসী। বালু ভরাটের কাজ শেষ হওয়ার পর ঈদগাহ কমিটি ও স্থানীয় বাসিন্দারা প্রশাসক মো. সাখাওয়াত হোসেন খানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ঈদগাহের সার্বিক উন্নয়নের জন্য আরও কিছু পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তারা ঈদগাহ মাঠের চারপাশে সীমানাপ্রাচীর নির্মাণ, একটি দৃষ্টিনন্দন গেট, মেহরাব নির্মাণ এবং সৌন্দর্যবর্ধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। স্থানীয়দের মতে, এসব উন্নয়নকাজ বাস্তবায়িত হলে দক্ষিণ লক্ষলখোলা বাগবাড়ি ঈদগাহটি একটি আধুনিক ও সুন্দর ধর্মীয় স্থাপনা হিসেবে গড়ে উঠবে এবং মুসল্লিরা আরও স্বাচ্ছন্দ্যে ধর্মীয় কার্যক্রম পালন করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *