ওসি জায়েদ নুরের নেতৃত্বে বিশেষ অভিযানে গ্রেফতার ৫

কামরুল ইসলাম:

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জায়েদ নুরের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ৫টি ল্যাপটপ, নগদ অর্থ, আইএমইআই পরিবর্তনের যন্ত্রপাতিসহ সংঘবদ্ধ একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

সিএমপি পুলিশ কমিশনারের নির্দেশনায় গত ২৪ জুন গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। প্রথমে চক্রের সদস্য জাহাঙ্গীর হোসেন ওরফে জাহাঙ্গীর মনি (৫২)-কে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন নন্দনকানন আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে চক্রের মূলহোতা মুহাম্মদ সোহেল উদ্দিন ওরফে পার্টি সোহেল (৩৫) এবং তার সহযোগী আবু সাঈদ (৩৪), মো. শামীম (২৪) ও সাইফুল ইসলাম (১৯)-কে গ্রেফতার করে পুলিশ।

অভিযানকালে তাদের কাছ থেকে ২৪টি আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৫৭টি মোবাইল ফোন, ৫টি ল্যাপটপ, ২০১টি মোবাইল সিম, আইএমইআই পরিবর্তনের মেশিন, মাইক্রোস্কোপ, ৪৪৫টি মোবাইল ফোনের কেসিং, বিভিন্ন চার্জার, মাল্টিপ্লাগ এবং নগদ ১ লাখ ১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে তারা বিভিন্ন চোর ও ছিনতাইকারী চক্রের কাছ থেকে কম দামে চুরি ও ছিনতাইকৃত মোবাইল ফোন সংগ্রহ করত। পরে বিশেষ সফটওয়্যার ও ডিজিটাল যন্ত্রপাতির মাধ্যমে ফোনগুলোর আইএমইআই নম্বর ও কেসিং পরিবর্তন করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করত।

এ ঘটনায় গ্রেফতার পাঁচজনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় দণ্ডবিধির ৪১৩/৩৪ ধারাসহ সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২২(২) ও ২৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের তথ্যমতে, গ্রেফতারকৃত চক্রের মূলহোতা মুহাম্মদ সোহেল উদ্দিন ওরফে পার্টি সোহেলের বিরুদ্ধে চুরি ও ছিনতাইসহ বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে। জাহাঙ্গীর হোসেন ওরফে জাহাঙ্গীর মনির বিরুদ্ধে রয়েছে চারটি মামলা এবং আবু সাঈদের বিরুদ্ধে গাজীপুরের বাসন থানায় একটি হত্যা মামলা বিচারাধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, চুরি ও ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধারে এবং এ ধরনের সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *