ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৮ জন গ্রেপ্তার

মনজুর আলম:

কক্সবাজার জেলার ঈদগাঁও থানা পুলিশ শনিবার (২৭ জুন) রাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে মাইজপাড়া, ৩ নম্বর ওয়ার্ড, ঈদগাঁও ইউনিয়নের জাফর আলমের ছেলে ইসমাইল হোসেন মোর্শেদ (২৭) এবং রামু উপজেলার ফাতেখাঁরকুল ইউনিয়নের লম্বরীপাড়ার মুক্তার আহমদের মেয়ে আসমা (২৫)-কে।

এ ছাড়া মারামারি ও হুমকির মামলার পরোয়ানাভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী লামারপাড়ার মৃত নুরুল আলমের ছেলে মো. আজিমুল হক (৩৫), ঈদগাঁও ইউনিয়নের ভাদিতলা মাঝেরপাড়ার ছাবের আহমদের ছেলে মো. শাহজাহান (৩০) এবং একই এলাকার মো. ইমরান (২৬)-কে।

পিতা-মাতা ভরণ-পোষণ আইনের মামলার পরোয়ানাভুক্ত আসামি হিসেবে পশ্চিম গোমাতলীর মৃত মোহাম্মদ হাসেমের ছেলে খালেদ বাদশা ও আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার পরোয়ানাভুক্ত আসামি হিসেবে ঈদগাঁও ইউনিয়নের শিয়াপাড়ার মৃত সুখেন্দু রুদ্রের ছেলে সুবল রুদ্র (৪৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *