নান্দিকাঠী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এনায়েত করিম

আমির হোসেন:

ঝালকাঠির নলছিটি উপজেলার নান্দিকাঠী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের চার সদস্যবিশিষ্ট এডহক (অস্থায়ী) ম্যানেজিং কমিটি অনুমোদন করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল। কমিটির সভাপতি হিসেবে বোর্ড কর্তৃক মনোনীত হয়েছেন নান্দিকাঠীর কৃতী সন্তান, সাবেক পৌর কাউন্সিলর ও ঝালকাঠি জেলা বিএনপির অন্যতম সদস্য মো. এনায়েত করিম মিশু মিয়া।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের স্মারক নং: বশিবো/বিঅ/২০২৬/২১৩৯, তারিখ ২৯ জুন ২০২৬-এর আদেশে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। প্রধান শিক্ষকের আবেদনের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ অনুযায়ী চার সদস্যবিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে।

অনুমোদিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— শিক্ষক সদস্য হিসেবে জেলা শিক্ষা কর্মকর্তার মনোনীত সুরেশ দাস, অভিভাবক সদস্য হিসেবে জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী কর্মকর্তার মনোনীত মো. বেলাল মীর। এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

বোর্ডের আদেশ অনুযায়ী, এডহক কমিটির কার্যকাল ২৯ জুন ২০২৬ থেকে ২৮ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বহাল থাকবে।

সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় মো. এনায়েত করিম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আন্তরিকভাবে কাজ করব।”

এদিকে, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী নতুন এডহক কমিটিকে স্বাগত জানিয়ে বিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *