আন্তর্জাতিক ডেস্ক:
থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় মুকদাহান প্রদেশে তীর্থযাত্রায় অংশ নেওয়া একদল বৌদ্ধ সন্ন্যাসীর ওপর নিয়ন্ত্রণ হারানো একটি পিকআপ ট্রাক উঠে গেলে অন্তত ৮ জন সন্ন্যাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৮ জন আহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল প্রায় ১১টা ৫৫ মিনিটে মুকদাহান প্রদেশের না সি নুয়ান গ্রামের হুয়াই সিং এলাকার প্রবেশমুখের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট।
প্রতিবেদনে বলা হয়, উবোন রাতচাথানি প্রদেশের নাম খুন জেলা থেকে পায়ে হেঁটে তীর্থযাত্রা শুরু করেছিলেন ৩৪ জন বৌদ্ধ সন্ন্যাসীর একটি দল। দুর্ঘটনার সময় তারা না সি নুয়ান বাজারসংলগ্ন এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি পিকআপ ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায়।
কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলেই ৫ জন সন্ন্যাসী নিহত হন। পরে গুরুতর আহত আরও ৩ জন মুকদাহান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত ১৮ জনের মধ্যে ১৩ জনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
দুর্ঘটনার আগে সন্ন্যাসীদের দলটি ওয়াত রই প্রা পুত্তাবাত ফু মানোরোম মন্দিরে সকালের খাবার গ্রহণ করে মুকদাহানের দন তান জেলার উদ্দেশে পুনরায় পদযাত্রা শুরু করেছিলেন।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনায় জড়িত গাড়িটি ছিল একটি ইসুজু পিকআপ ট্রাক, যা চালাচ্ছিল ১১ বছর বয়সী এক কিশোর। শারীরিক বিশেষ চাহিদাসম্পন্ন ওই কিশোর পরিবারের কাউকে না জানিয়ে তার বাবার গাড়ি নিয়ে বের হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি সন্ন্যাসীদের দলের ওপর উঠে যায়, যার ফলে ভয়াবহ এই হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কিশোরটিকে মুয়াং জেলা পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে।
সূত্র: ব্যাংকক পোস্ট