আন্তর্জাতিক ডেস্ক:
জাপানের সঙ্গে ইতিহাসে প্রথমবারের মতো প্রতিরক্ষা উন্নয়ন চুক্তি স্বাক্ষর করেছে ভারত। বুধবার রাজধানী নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির উপস্থিতিতে এই গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষরের পর আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, নতুন চুক্তির আওতায় ভারত ও জাপান যৌথভাবে প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়ন, সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং কৌশলগত সহযোগিতা জোরদারে কাজ করবে। পাশাপাশি আঞ্চলিক শান্তি, সামুদ্রিক নিরাপত্তা এবং আইনভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা শক্তিশালী করতেও দুই দেশ একযোগে কাজ করবে।
মোদি বলেন, “ভারত ও জাপান উভয়েই একটি স্বাধীন, মুক্ত এবং আইনভিত্তিক ইন্দো-প্রশান্ত অঞ্চল গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের প্রতিরক্ষা ও প্রযুক্তিগত অংশীদারিত্ব সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে দূরদর্শী নেতা হিসেবে উল্লেখ করে মোদি বলেন, “এই প্রতিরক্ষা চুক্তি দুই দেশের কৌশলগত সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং ভারত-জাপান বন্ধুত্বের নতুন অধ্যায়ের সূচনা করবে।”
এদিকে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিরক্ষা চুক্তির পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রীর সফরে ১২০টি নতুন বাণিজ্যিক চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। এসব চুক্তির আওতায় আগামী ১০ বছরে ভারতে ১০ লাখ কোটি ইয়েন বিনিয়োগ করবে জাপান।
কর্মকর্তারা আরও জানান, নতুন বিনিয়োগ পরিকল্পনায় জ্বালানি নিরাপত্তা ও নবায়নযোগ্য জ্বালানি খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে সৌর, বায়ু ও অন্যান্য পরিচ্ছন্ন জ্বালানি প্রকল্পে জাপানি বিনিয়োগ বাড়ানোর বিষয়ে দুই দেশ একমত হয়েছে।
বিশ্লেষকদের মতে, ইন্দো-প্রশান্ত অঞ্চলে নিরাপত্তা সহযোগিতা জোরদার এবং চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় ভারত ও জাপানের এই প্রতিরক্ষা অংশীদারিত্ব কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।
সূত্র: ফার্স্টপোস্ট