আবু ইউছুফ রাবেত ::
কুমিল্লার বরুড়া উপজেলার কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা মো. সামসুল হক সর্দার (৮১) রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় পেয়েছেন। শুক্রবার (৩ জুলাই) বাদ আসর বরুড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এ সময় তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ৫টা ৩০ মিনিটে ঢাকার সিএমএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ ও বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
মহান মুক্তিযুদ্ধে তিনি সামরিক বাহিনীর সদস্য হিসেবে বীরত্বের সঙ্গে অংশগ্রহণ করেন। যুদ্ধকালীন সময়ে একটি জোনে সেক্টর কমান্ডারের দায়িত্বও পালন করেন। স্বাধীনতা-পরবর্তী সময়েও তিনি সমাজ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেন।
ব্যক্তিজীবনে তিনি বরুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়া সমাজের টানা ৩৬ বছর সমাজের সর্দার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বরুড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, স্থানীয় বেসরকারি ইএসডিও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং বরুড়া পৌরসভা বিএনপির সভাপতির দায়িত্বও পালন করেছেন। বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃত্ব দিয়ে তিনি এলাকায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যাসন্তান, আত্মীয়-স্বজন এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বরুড়াজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।