আমিরের তৃতীয় বিয়ের অতিথি দুই প্রাক্তন স্ত্রী, থাকছেন আরও যাঁরা

বিনোদন ডেস্ক ::

আর মাত্র কয়েকদিন পরই তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড অভিনেতা আমির খান। আগামী ৫ জুলাই প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করবেন তিনি। তবে জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সীমিত পরিসরেই সম্পন্ন হবে বিয়ের আনুষ্ঠানিকতা।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মুম্বাইয়ে আমির খানের বাসভবনেই আইনি প্রক্রিয়ায় বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে পরিবার ও বন্ধু মিলিয়ে প্রায় ১০০ থেকে ১৫০ জন অতিথি উপস্থিত থাকবেন।

অতিথি তালিকায় রয়েছেন আমির খানের দুই সাবেক স্ত্রী, তার তিন সন্তান এবং বোনদের পরিবারের সদস্যরা। এছাড়া বলিউডের বিশিষ্ট নির্মাতা আশুতোষ গোয়ারিকর ও রাজকুমার সন্তোষীকেও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

তবে বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। ভারতীয় বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, মূল আনুষ্ঠানিকতা শেষে তারা নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে যেতে পারেন।

জানা গেছে, বিয়ের আনুষ্ঠানিকতা দুপুরের আগেই শেষ হবে। এরপর আমন্ত্রিত অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন রাখা হয়েছে। হবু দম্পতি নিজেদের পছন্দের নানা খাবার দিয়ে মেনু সাজিয়েছেন। তবে সেই মেনুতে কী কী থাকছে, তা এখনো প্রকাশ করা হয়নি।

চলতি বছরের মার্চে নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে গৌরী স্প্র্যাটকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন আমির খান। সেসময়ই তাদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে। প্রায় দুই বছরের প্রেমের পর এবার আনুষ্ঠানিকভাবে নতুন জীবনে পা রাখতে যাচ্ছেন এই বলিউড তারকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *