মোঃআনজার শাহ
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক, আত্মত্যাগ ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে গতকাল শনিবার (৪ জুলাই ২০২৬) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’। সকাল ১০টায় শুরু হওয়া এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জনাব জাকারিয়া তাহের। তাঁর উপস্থিতি সম্মেলনের তাৎপর্য আরও বাড়িয়ে দেয় এবং জাতীয় ঐক্য, গণতান্ত্রিক চেতনা ও শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শনের বার্তা নতুনভাবে তুলে ধরে।
জুলাই ’২৪ শহীদ পরিবার সোসাইটি এবং ‘আমরা জুলাই যোদ্ধা’ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বিশিষ্টজনেরা অংশ নেন। সম্মেলনজুড়ে গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং আহত যোদ্ধাদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রত্যয় পুনর্ব্যক্ত করেন বক্তারা।
মন্ত্রী জাকারিয়া তাহেরের উপস্থিতি অংশগ্রহণকারীদের মধ্যে সৃষ্টি করে বাড়তি উৎসাহ ও উদ্দীপনা। তিনি বিভিন্ন শ্রেণি-পেশার উপস্থিত ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং জাতীয় স্বার্থে ঐক্য, সম্প্রীতি ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
শোকের স্মৃতিকে শক্তিতে, আত্মত্যাগকে অনুপ্রেরণায় এবং বিজয়ের চেতনাকে আগামী দিনের রাষ্ট্রগঠনের অঙ্গীকারে রূপ দেওয়ার প্রত্যয়ে আয়োজিত এই সম্মেলন জাতীয় পরিসরে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। অংশগ্রহণকারীদের মতে, জুলাইয়ের ইতিহাস কেবল একটি সময়ের স্মারক নয়, বরং আগামী প্রজন্মের জন্য দেশপ্রেম, সাহস ও গণতান্ত্রিক চেতনার এক অনন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।