
মোহাম্মদ হোসেন হ্যাপী:
দেশের অর্থনীতিকে আরও গতিশীল, শক্তিশালী ও টেকসই করতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, বীমা খাতকে আরও কার্যকর, স্বচ্ছ ও জনমুখী করে গড়ে তুলতে পারলে মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি বিনিয়োগ ও উদ্যোক্তা কার্যক্রমও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) রাজধানীর অফিসার্স ক্লাবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, আধুনিক অর্থনীতির গুরুত্বপূর্ণ উপাদানগুলোর অনেকগুলোই এখনও বাংলাদেশের অর্থনীতিতে পূর্ণমাত্রায় কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে না। বীমা খাত এমনই একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র, যা ব্যক্তি ও পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে পারে। এজন্য এ খাতে সুশাসন, কার্যকর নীতিমালা, জবাবদিহিতা এবং শক্তিশালী আইনি কাঠামো নিশ্চিত করা প্রয়োজন। এতে সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি পাবে এবং বীমা খাত আরও সম্প্রসারিত হবে।
তিনি বলেন, বর্তমান সরকার কেবল রাষ্ট্র পরিচালনার জন্য ক্ষমতায় আসেনি; বরং জনগণের প্রত্যাশা পূরণে রাষ্ট্রের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে কার্যকর সংস্কারের মাধ্যমে একটি শক্তিশালী ও টেকসই অর্থনৈতিক ভিত্তি গড়ে তুলতে কাজ করছে।
মন্ত্রী আরও বলেন, বিগত সরকারের রেখে যাওয়া দুর্বল অর্থনীতি পুনর্গঠন, রাজস্ব ব্যবস্থার সংস্কার, অর্থ পাচার রোধ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। এসব লক্ষ্য অর্জনে বীমা খাতের কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জহির উদ্দিন স্বপন বলেন, একজন নাগরিক যখন নিজের ভবিষ্যৎ সম্পর্কে নিরাপদ বোধ করেন, তখন তিনি আরও আত্মবিশ্বাসের সঙ্গে বিনিয়োগ, ব্যবসা ও উদ্যোক্তা কার্যক্রমে অংশগ্রহণ করেন। বীমা সেই নিরাপত্তাবোধ তৈরি করে এবং এর ইতিবাচক প্রভাব জাতীয় অর্থনীতির বিভিন্ন খাতে প্রতিফলিত হয়।
তিনি দেশের আরও বেশি মানুষকে বীমা সেবার আওতায় আনতে প্রয়োজনীয় আইন, বিধিমালা ও শক্তিশালী নিয়ন্ত্রক কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বীমা খাতের বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে দ্রুত অর্থমন্ত্রীর কাছে বাস্তবভিত্তিক সুপারিশ উপস্থাপন করতে হবে। সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এমন নীতিগত ও আইনি সংস্কার নিশ্চিত করতে হবে, যাতে বীমা খাত আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব হয়ে ওঠে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সংসদ সদস্য সাঈদ আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। এছাড়াও বীমা খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, উদ্যোক্তা এবং বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।