মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জে পুলিশের প্রশাসনিক কার্যক্রম, দাপ্তরিক শৃঙ্খলা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্বপালনের মানোন্নয়নের লক্ষ্যে ঢাকা রেঞ্জের মাননীয় অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব এম এ জলিল ৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দে ‘ক-সার্কেল’ অফিসের দ্বিবার্ষিক পরিদর্শন সম্পন্ন করেন।
পরিদর্শনকালে তিনি অফিসের সার্বিক প্রশাসনিক কার্যক্রম, দাপ্তরিক নথিপত্র সংরক্ষণ, রেকর্ড ব্যবস্থাপনা, শৃঙ্খলা, জনসেবা কার্যক্রম এবং আইন-শৃঙ্খলা রক্ষায় গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে দায়িত্ব পালনে আরও পেশাদারিত্ব, জবাবদিহিতা, সততা ও সেবার মান বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশনস) জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) জনাব মো. শামীম হোসাইন, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাহবুব আলম, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হক, সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসানসহ ‘ক-সার্কেল’ অফিসের অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।
পরিদর্শন শেষে অ্যাডিশনাল ডিআইজি এম এ জলিল উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে বলেন, জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করতে প্রতিটি সদস্যকে আন্তরিকতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন এবং জনগণের আস্থা অর্জনে মানবিক ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ ধরনের পরিদর্শনের মাধ্যমে দাপ্তরিক কার্যক্রমের গুণগত মান বৃদ্ধি, প্রশাসনিক দক্ষতা উন্নয়ন এবং মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা আরও সুসংহত হয়। একই সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনা ভবিষ্যতে সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।