বদলগাছীতে টানা বৃষ্টিতে ৭০টি পরিবার পানিবন্দি

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:

গতকাল বুধবার বিকাল থেকে টানা বৃষ্টির কারণে নওগাঁর বদলগাছী সদর এলাকার ডাকবাংলোর পাশে প্রায় ৬০ থেকে ৭০টি পরিবারের বসতবাড়ি পানিতে তলিয়ে গেছে। এতে পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে।

পানিবন্দি বাসিন্দারা জানান, অতিরিক্ত বৃষ্টিতে ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় গরু-ছাগল ও ছোট শিশুদের নিয়ে তারা চরম ঝুঁকির মধ্যে রয়েছেন। রাত থেকে রান্না করার মতো কোনো পরিবেশ না থাকায় অনেকেই বাধ্য হয়ে নিরাপদ ও উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন।

খবর পেয়ে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি দ্রুত ফায়ার সার্ভিসের একটি দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত পানি নিষ্কাশনের কাজ শুরু করেন, যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিছুটা স্বস্তি পায়।

এ বিষয়ে সদর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হাসান এবং স্থানীয় বাসিন্দা শহিদুল বলেন, মাস্টারপাড়া এলাকায় স্থায়ীভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে সামান্য বৃষ্টিতেই আবারও এলাকা পানিতে তলিয়ে যাবে। তারা দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *