কম্বোডিয়া থেকে ছুটিতে এসে প্রাণ গেল সিয়ামের

মনিরুল ইসলাম:

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় দীর্ঘদিনের সম্পত্তি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে কম্বোডিয়া থেকে ছুটিতে দেশে আসা সিয়াম (২৬) নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লষ্করদী মধ্যপাড়া এলাকায় ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার মোক্তার হোসেন ও ব্রাহ্মন্দী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মতিনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি ও সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। বিরোধ মীমাংসার লক্ষ্যে বুধবার (৮ জুলাই) বিকেল ৪টার দিকে ইউনিয়ন বিএনপির সভাপতি মনির ডাক্তারের সভাপতিত্বে তপনের বাড়ির পাশে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে উভয় পক্ষের বক্তব্য শুনে সীমানা নির্ধারণ করে দেওয়া হলেও পরে সেই সিদ্ধান্তকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, সালিশ শেষে মোক্তার হোসেনের পক্ষের দেলোয়ার হোসেনসহ কয়েকজন মতিনের লোকজনের ওপর হামলা চালায়। এর জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে সিয়ামসহ উভয় পক্ষের অন্তত আটজন গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে সিয়ামের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল পপুলার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে তার মৃত্যু হয়।

নিহত সিয়াম কয়েক বছর ধরে কম্বোডিয়ায় কর্মরত ছিলেন। তিনি ছুটিতে দেশে এসে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি মনির ডাক্তার বলেন, “বুধবার বিকেল ৪টায় তপনের বাড়ির পাশে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উভয় পক্ষের জমির সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছিল। বৈঠক শেষ হওয়ার পর সন্ধ্যার দিকে দুই পক্ষের মধ্যে পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটে।”

এদিকে নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (গ-অঞ্চল) মেহেদী ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে মামলা রুজু করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *