হালুয়াঘাটে থানায় দায়ের করা অভিযোগ ঘিরে চাঞ্চল্য

মোশারফ হোসেন জসিম পাঠান:

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার শাকুয়াই গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দায়ের করা একটি অভিযোগকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগকারী ও অভিযুক্ত—উভয় পক্ষের ভিন্ন ভিন্ন দাবির কারণে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শাকুয়াই গ্রামের মৃত খমির শেখের ছেলে মো. লিয়াকত আলী এবং একই গ্রামের মো. সিরাজুল ইসলামের পরিবারের মধ্যে প্রায় দুই বছর ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধ নিষ্পত্তির জন্য গ্রামে একাধিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি।

এদিকে, সম্প্রতি সিরাজুল ইসলামের মেয়ে মোছা. শিরিন আক্তার হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি দাবি করেন, তার সাত বছর বয়সী মেয়ে ছুঁয়া আক্তারকে নির্যাতনের চেষ্টা করা হয়েছে। ওই অভিযোগে মো. শামিম মিয়া (১০)-কে অভিযুক্ত করা হয়।

অভিযোগ দায়েরের পর বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিকের সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে লিয়াকত আলী ও তার পরিবারের সদস্যদের সামাজিক ও আইনগতভাবে হয়রানি করার উদ্দেশ্যে এ অভিযোগ দায়ের করা হয়েছে। তারা অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

এ বিষয়ে গ্রামবাসী মো. আব্দুল মোতালেব, আব্দুল কাদির, নয়ন মিয়া, কাসেম মিয়া, রফিকুল ইসলাম, সেলিম মিয়া, কুরবান আলী, সুরুজ আলী, তন্ময় আচার্য, শ্যামল দত্তসহ আরও অনেকে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করা প্রয়োজন, যাতে কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হন।

ভুক্তভোগী দাবি করা লিয়াকত আলীর পরিবারের সদস্যরা জেলা প্রশাসন, জেলা পুলিশ সুপার এবং স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অন্যদিকে, অভিযোগকারী পক্ষের লিখিত অভিযোগের বিষয়ে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটনের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *