স্যাটেলাইট চিত্রে নতুন ইঙ্গিত, পরমাণু স্থাপনা পুনর্নির্মাণে ইরান? সিএনএনের চাঞ্চল্যকর দাবি

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের পরমাণু স্থাপনাগুলোতে পুনর্নির্মাণ কার্যক্রমের সম্ভাব্য আলামত মিলেছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির সহযোগিতায় বিশ্লেষণ করা সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রের ভিত্তিতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

শনিবার (১১ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জুন ও জুলাই মাসে ধারণ করা স্যাটেলাইট চিত্রে ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় মেরামত ও পুনর্নির্মাণের প্রস্তুতির ইঙ্গিত পাওয়া গেছে। বিশ্লেষকদের মতে, এসব কার্যক্রম যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতার শর্ত লঙ্ঘনের ইঙ্গিত বহন করতে পারে।

প্রতিবেদনে বিশেষভাবে পারচিন এলাকার একটি স্থানের কথা উল্লেখ করা হয়েছে। পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিনের দাবি, ওই স্থাপনাটি পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিস্ফোরক উপাদান পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট। যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত শুরুর পর এলাকাটি একাধিকবার হামলার মুখেও পড়ে।

সিএনএনের সাংবাদিক কেটি পোলগ্লেস জানান, নতুন স্যাটেলাইট চিত্রে হামলায় সৃষ্ট বড় বড় গর্তের ওপর প্রথমে অস্থায়ী ঢাকনা বসানো এবং পরে সেগুলো সরিয়ে জাল স্থাপন করতে দেখা গেছে। একই সঙ্গে সেখানে কংক্রিট মেশানোর ট্রাকের উপস্থিতিও ধরা পড়েছে।

বিশেষজ্ঞদের মতে, এসব কর্মকাণ্ড থেকে ধারণা করা হচ্ছে, ক্ষতিগ্রস্ত অংশগুলো পুনর্নির্মাণ বা স্থায়ীভাবে সংস্কারের প্রস্তুতি চলছে।

এদিকে পিক্যাক্স মাউন্টেন এলাকায় অবস্থিত আরেকটি সন্দেহভাজন পরমাণু স্থাপনার সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রেও টানেলের ভেতরে ট্রাক চলাচলের দৃশ্য দেখা গেছে। বিশ্লেষকদের দাবি, এটিও পরমাণু স্থাপনায় নতুন কার্যক্রম পরিচালনার ইঙ্গিত হতে পারে।

সিএনএনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা অনুযায়ী ইরান পরমাণু কর্মসূচিতে স্থিতাবস্থা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছিল। তাই সাম্প্রতিক এসব কার্যক্রম সত্য হলে তা চুক্তির শর্ত লঙ্ঘনের শামিল হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

সূত্র: সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *