পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে তারেক রহমানের পক্ষে এমপি সাচিং প্রু জেরি

মো. রাসেল:

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে সাম্প্রতিক ভয়াবহ পাহাড়ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত ও শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরি। আজ শনিবার (১১ জুলাই) দুপুর ১২টার দিকে তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে মোট ১ লাখ ১০ হাজার টাকার আর্থিক অনুদান ও সহায়তা প্রদান করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৯ জুলাই) আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া এলাকায় ভারী বর্ষণের কারণে পাহাড়ধসের এই মর্মান্তিক ঘটনা ঘটে। এতে একই পরিবারের দুই শিশু ও তিন প্রাপ্তবয়স্কসহ মোট পাঁচজন নিহত হন।

আজ শনিবার দুপুরে সংসদ সদস্য সাচিং প্রু জেরি মিশনপাড়ায় নিহতদের স্বজনদের বাড়িতে যান এবং তাদের খোঁজখবর নিয়ে গভীর সমবেদনা জানান। এ সময় তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের ঘরবাড়ি মেরামতের জন্য ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকার আর্থিক সহায়তা তুলে দেন।

এ ছাড়া, এই পাহাড়ধসের ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আজিজনগর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য রেহেনা আক্তার। সংসদ সদস্য সাচিং প্রু জেরি তাঁর উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আরও ১০ হাজার টাকার বিশেষ অনুদান প্রদান করেন।

পরিদর্শন ও সহায়তা প্রদানকালে সংসদ সদস্য সাচিং প্রু জেরি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। এই অপূরণীয় ক্ষতি কোনো অর্থ বা সান্ত্বনা দিয়ে পূরণ করা সম্ভব নয়। আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি।”

ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে পাহাড় কাটা ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে সংসদ সদস্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন—লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন, লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কায়ছার হামিদ, জেলা বিএনপির সদস্য আলহাজ নাজেমুল ইসলাম চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম রিয়াদ এবং আজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোবারক হোসেনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কায়ছার হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাহাড়ধসে দুটি আলাদা পরিবারের মোট পাঁচজন প্রাণ হারিয়েছেন। আইনি প্রক্রিয়া ও সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় পুরো আজিজনগর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *