ইরান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, কড়া বার্তা সৌদি আরবের

আন্তর্জাতিক ডেস্ক  ::

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এ ঘটনার পর তেহরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সৌদি আরব। দেশটি অভিযোগ করেছে, ইরান আন্তর্জাতিক আইন ও বিভিন্ন আন্তর্জাতিক সনদ লঙ্ঘন করেছে, যা আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।

রোববার (১২ জুলাই) সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরানের সাম্প্রতিক কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ, ইসলামিক কো-অপারেশন অর্গানাইজেশন (ওআইসি) সনদ এবং সুপ্রতিবেশী সম্পর্কের নীতিমালা লঙ্ঘন করেছে।

বিবৃতিতে বলা হয়, বাণিজ্যিক জাহাজে হামলার মাধ্যমে ইরান সামুদ্রিক নিরাপত্তা ও আন্তর্জাতিক নৌ-চলাচলকে ঝুঁকির মুখে ফেলেছে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক।

সর্বশেষ হামলায় সৌদি আরবকে সরাসরি লক্ষ্যবস্তু করা না হলেও, গত সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় ইরানের হামলায় সৌদির একটি তেলের ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনার জের ধরেই যুক্তরাষ্ট্র ইরানে সামরিক হামলা চালায়।

এদিকে, হরমুজ প্রণালিতে রোববার একটি জাহাজে হামলার ঘটনা ঘটে। হামলার পর জাহাজে থাকা ১০ জন ভারতীয় নাবিককে উদ্ধার করা হলেও এখনও একজন নাবিক নিখোঁজ রয়েছেন। তিনি ভারতীয় নাগরিক বলে জানা গেছে। এ ঘটনায় ভারতও ইরানের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে।

সাম্প্রতিক এসব ঘটনার ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে সামুদ্রিক নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ আরও বেড়েছে।

সূত্র: গালফ নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *