আন্তর্জাতিক ডেস্ক ::
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের পর প্রতিশোধের বার্তা দিয়েছেন বর্তমান সুপ্রিম লিডার মোজতবা খামেনি। তিনি বলেছেন, খামেনি এবং সাম্প্রতিক যুদ্ধে নিহত ইরানিদের মৃত্যুর জন্য দায়ীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে। এমনকি তিনি নিজে না থাকলেও এই প্রতিশোধ বাস্তবায়িত হবে বলে মন্তব্য করেন।
তার এই বক্তব্যের পর ইরানি সংবাদমাধ্যম হামশাহরি অনলাইনে ১৩ জন আন্তর্জাতিক নেতার একটি তথাকথিত ‘হিট লিস্ট’ প্রকাশ করেছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রতিশোধের অংশ হিসেবে এসব নেতাকে লক্ষ্যবস্তু করা হতে পারে।
প্রকাশিত তালিকায় রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস।
এ ছাড়া তালিকায় রয়েছেন ইসরায়েলের সেনাপ্রধান ইয়াহির জামির এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজসহ আরও কয়েকজন উচ্চপদস্থ ব্যক্তি।
তবে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এই তালিকাটি হামশাহরির অনলাইন সংস্করণে প্রকাশিত হলেও একই দিনের মুদ্রিত সংস্করণে তা স্থান পায়নি।
এদিকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে পাল্টা হামলা চালানোর পর ইরানের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে অভিযোগ করেছে, ইরান আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ, ইসলামিক কো-অপারেশন অর্গানাইজেশন (ওআইসি) সনদ এবং সুপ্রতিবেশী নীতিমালা লঙ্ঘন করেছে।
সৌদির দাবি, বাণিজ্যিক জাহাজে হামলার মাধ্যমে ইরান সামুদ্রিক নিরাপত্তা ও আন্তর্জাতিক নৌ-চলাচলকে ঝুঁকির মুখে ফেলেছে। যদিও সর্বশেষ হামলায় সৌদি আরব সরাসরি লক্ষ্যবস্তু ছিল না, তবে গত সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় ইরানের হামলায় সৌদির একটি তেলের ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই ঘটনার জের ধরেই যুক্তরাষ্ট্র ইরানে সামরিক হামলা চালায়।
সূত্র: এএফপি