হামলার কয়েক ঘণ্টার মধ্যেই কাতারের প্রতি শোকবার্তা পাঠাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক ::

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। হামলার অন্যতম লক্ষ্য ছিল কাতারের রাজধানী দোহার আল-উদেইদ বিমানঘাঁটি, যেখানে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

তবে কাতার জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলায় ব্যবহৃত সব ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে। যদিও প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে শিশুসহ অন্তত তিনজন আহত হয়েছেন।

এ ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই কাতারের প্রতি শোকবার্তা পাঠিয়েছে ইরান। আলজাজিরা জানিয়েছে, রোববার (১২ জুলাই) সকালে কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শোকবার্তায় বলা হয়, “গভীর দুঃখ ও বেদনার সঙ্গে আমরা সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে শোক প্রকাশ করছি। আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, আল থানি পরিবারের সদস্য এবং কাতারের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা রইল।”

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানি কর্মকর্তা নিহত

এদিকে রাতভর চালানো যুক্তরাষ্ট্রের নতুন হামলায় ইরানের সামরিক বাহিনীর নৌ শাখার এক কর্মকর্তা নিহত হয়েছেন।

রোববার ইরানি বার্তা সংস্থা মেহের নিউজ জানায়, ইসলামিক প্রজাতন্ত্রের নৌবাহিনীর লেফটেন্যান্ট হামিদরেজা দেহঘানি জাস্ক বন্দরে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে মেহের নিউজ জানায়, “গত রাতে জাস্ক বন্দরে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী হামলায় নৌবাহিনীর লেফটেন্যান্ট হামিদরেজা দেহঘানি শহীদ হয়েছেন।”

মার্কিন হামলায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর তথ্যই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইরান।

সূত্র: আলজাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *