আন্তর্জাতিক ডেস্ক ::
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে খাদ্যপণ্য বাণিজ্য আরও সহজ ও সম্প্রসারণে নীতিগতভাবে সম্মত হয়েছে দুই দেশ। এ লক্ষ্যে শিগগিরই একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে।
রোববার (১২ জুলাই) পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের ট্রেডিং কর্পোরেশন-এর চেয়ারম্যান অসিম আজিম সিদ্দিকি সম্প্রতি বাংলাদেশ সফর করেন। তার নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশের শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে বাংলাদেশের বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে অসিম আজিম সিদ্দিকি জানান, পাকিস্তান বাংলাদেশে চাল, মসুর ডাল, ছোলা, সার এবং ভোজ্যতেল রপ্তানি করতে আগ্রহী। অন্যদিকে বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য আমদানি করতে চায় ইসলামাবাদ, কারণ পাকিস্তানে এসব পণ্যের উল্লেখযোগ্য চাহিদা রয়েছে।
তিনি আরও জানান, আন্তর্জাতিক বাজার থেকে বাংলাদেশ যেন প্রতিযোগিতামূলক দামে প্রয়োজনীয় খাদ্যপণ্য সংগ্রহ করতে পারে, সে বিষয়ে সহযোগিতার প্রস্তাবও দিয়েছে পাকিস্তান।
বৈঠকে দুই দেশ বাংলাদেশ-পাকিস্তান জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে একমত হয়েছে। এর অংশ হিসেবে উভয় দেশ বাণিজ্যিক প্রতিনিধিদল বিনিময়, কৃষি ও শিল্প খাতে যৌথ সহযোগিতা এবং বাণিজ্য সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে।
এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, প্রস্তাবিত সমঝোতা স্মারকের মাধ্যমে দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক প্রতিবন্ধকতা কমবে এবং সরকারি পর্যায়ে সরাসরি সমন্বয় বাড়বে, যা ব্যবসা-বাণিজ্যকে আরও সহজ করবে।
সংবাদমাধ্যমটির মতে, এই উদ্যোগ বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ককে কেবল কূটনৈতিক পর্যায়েই নয়, খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতার নতুন পর্যায়ে নিয়ে যেতে পারে।
সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন