বান্দরবানের লামায় বন্যাদুর্গতদের পাশে ‘গ্রীন হিল’ ও ইউএনএফপিএ: বিশেষ মেডিকেল ক্যাম্প ও ডিগনিটি কিট বিতরণ

মো. রাসেল, স্টাফ রিপোর্টার:

বান্দরবানের লামায় সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যার (Flash Flood) পর স্বাস্থ্যঝুঁকি কমাতে ও দুর্গতদের সহায়তায় বিশেষ মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। গত বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক ব্যবস্থাপনায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গ্রীন হিল’-এর উদ্যোগে লামা পৌরসভার হরিণঝিরি এলাকার কলাবুরা পাড়ায় একটি দিনব্যাপী মোবাইল মেডিকেল হেলথ ক্যাম্প ও ডিগনিটি কিট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ কার্যক্রমে আর্থিক ও কারিগরি সহযোগিতা প্রদান করেছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) বাংলাদেশ।

সম্প্রতি টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে লামার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় স্থানীয়দের মধ্যে পানিবাহিত ও অন্যান্য জটিল রোগ সংক্রমণের তীব্র ঝুঁকি দেখা দেয়। বন্যা-পরবর্তী এই কঠিন সময়ে প্রান্তিক ও দুর্গত মানুষের দোরগোড়ায় জরুরি স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই এই বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “বন্যা-পরবর্তী সময়ে পানিবাহিত রোগ ও চর্মরোগের প্রকোপ ব্যাপক বেড়ে যায়। এই মুহূর্তে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে চিকিৎসাসেবা ও ওষুধ পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি ছিল। সরকারি উদ্যোগের পাশাপাশি গ্রীন হিল ও ইউএনএফপিএর এই সমন্বিত প্রয়াস স্থানীয় স্বাস্থ্যঝুঁকি কমাতে দারুণ ভূমিকা রাখবে।”

মেডিকেল অফিসার ডা. সাকিবের পরিচালনায় দিনভর ২৫০ জন শিশু, কিশোরী ও গর্ভবতী মাকে চিকিৎসাসেবা এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। পাশাপাশি শিশুদের নিয়মিত ইপিআই (EPI) টিকাও প্রদান করা হয়।

চিকিৎসাসেবার পাশাপাশি এদিন বন্যায় ক্ষতিগ্রস্ত ও বিশেষভাবে অসহায় ১৫০টি পরিবারের মধ্যে প্রয়োজনীয় স্বাস্থ্যসুরক্ষা সামগ্রীসমৃদ্ধ ‘ডিগনিটি কিট’ বিতরণ করা হয়। এ ছাড়া বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যঝুঁকি এড়াতে ৬০ জন কিশোরীকে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা (MHM) কিট এবং সদ্যজাত শিশু ও মায়েদের সুরক্ষায় ৫০ জন গর্ভবতী ও দুগ্ধদায়ী মায়ের মধ্যে বিশেষ বেবি কিট বিতরণ করা হয়।

এ বিষয়ে গ্রীন হিলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এক বিবৃতিতে জানান, “হঠাৎ বন্যায় এই এলাকার মানুষের স্যানিটেশন ও স্বাস্থ্যব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করতেই আমরা এই বিশেষ কিট এবং মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। দুর্যোগকবলিত দুর্গম ও প্রান্তিক এলাকার মানুষের পাশে গ্রীন হিল ও ইউএনএফপিএর এই মানবিক সহায়তা কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।”

বন্যা-পরবর্তী এই সংকটময় মুহূর্তে জরুরি চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে স্থানীয় বাসিন্দারা আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *