মোঃ বাদশা মিয়া:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযানে হত্যা, ডাকাতি ও বিভিন্ন অপরাধে জড়িত পাঁচজন আসামিকে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে কালিকচ্ছ ইউনিয়নের মনিরবাগ গ্রামের মাসুক মিয়া (৪৫) রয়েছেন। তার বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ পৃথক আরও একটি ফৌজদারি মামলা রয়েছে। এছাড়া কুট্টাপাড়া গ্রামের সুজন খন্দকার (৩৮)-কে জিহাদ ইসলাম জয় হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে আরও গ্রেপ্তার হন অরুয়াইল এলাকার অভিদাস রনি (৩২), যিনি হত্যাচেষ্টা ও গুরুতর জখমের মামলার আসামি। শাহবাজপুর ইউনিয়নের শাখাইতি গ্রামের সালমান (২২)-কে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার মামলায় আটক করা হয়েছে।
এদিকে ধরন্তী (মূলবর্গ) গ্রামের রাকিব ওরফে অপু মিয়া (২৭)-কে একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, তিনি একজন পেশাদার ডাকাত এবং তার বিরুদ্ধে সরাইল থানায় ডাকাতির প্রস্তুতি, চুরি ও ডাকাতিসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
সরাইল থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন, পলাতক আসামিদের গ্রেপ্তার এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।