গুলশানের জলাশয় বাঁচাতে ভবনে ভবনে সেপটিক ট্যাংক, সোক ওয়েল ও এসটিপি স্থাপন বাধ্যতামূলক করছে রাজউক

মোঃআনজার শাহ

রাজধানীর গুলশান আবাসিক এলাকার পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে একটি টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গুলশান সোসাইটি লেক পার্কে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রিয়াজুল ইসলাম। এ ছাড়া রাজউকের সদস্যবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং গুলশান সোসাইটির নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

সভায় গুলশান এলাকায় সেপটিক ট্যাংক, সোক ওয়েল এবং স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপনের প্রয়োজনীয়তা ও কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধান অতিথির বক্তব্যে রাজউক চেয়ারম্যান গুলশান লেকসহ আশপাশের জলাশয়সমূহ দূষণমুক্ত ও পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পরিকল্পিত ও পরিবেশসম্মত পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রতিটি ভবনে যথাযথভাবে সেপটিক ট্যাংক, সোক ওয়েল ও এসটিপি স্থাপন অপরিহার্য।

চেয়ারম্যান আরও বলেন, রাজউকের আইন ও বিধি-বিধান অনুযায়ী এসব অবকাঠামো স্থাপন বাধ্যতামূলক এবং এ বিষয়ে সবার সচেতনতা ও আন্তরিক সহযোগিতা প্রয়োজন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী গুলশান লেকসহ রাজধানীর অন্যান্য জলাশয় সংরক্ষণ ও দূষণমুক্ত রাখতে রাজউক নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি জানান, ভবিষ্যতে সেপটিক ট্যাংক, সোক ওয়েল ও এসটিপি স্থাপনকারী বিভিন্ন প্রতিষ্ঠানকে নিয়ে গুলশান সোসাইটির জন্য পৃথক প্রেজেন্টেশনের আয়োজন করা হবে। সেই প্রেজেন্টেশনে সংশ্লিষ্ট প্রযুক্তির কার্যপদ্ধতি, স্থাপন ব্যয়, প্রয়োজনীয় স্থান ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিষয়াদি বিস্তারিতভাবে তুলে ধরা হবে।
সভায় অংশগ্রহণকারীরা সমন্বিত উদ্যোগের মাধ্যমে গুলশান এলাকার পরিবেশ সুরক্ষা ও টেকসই নগর ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়ে একমত পোষণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *