নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন প্রশাসক সাখাওয়াত হোসেন খান

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকার বাজেট ঘোষণা করেছেন প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টায় নগর ভবনের অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন তিনি। এটি নাসিকের ১৫তম বাজেট।

নাসিকের ইতিহাসে এবার সর্বোচ্চ বাজেট ঘোষণা করা হয়েছে। গত অর্থবছরে বাজেটের পরিমাণ ছিল ৭০৪ কোটি ৬১ লাখ টাকা।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৮ আগস্ট সারাদেশের অন্যান্য সিটি করপোরেশনের মতো নারায়ণগঞ্জেও তিনবারের নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে অপসারণ করে অন্তর্বর্তীকালীন সরকার।

পরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে দুজন কর্মকর্তা দায়িত্ব পালন করেন। ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে জয় পেয়ে বিএনপি সরকার গঠন করলে সিটি করপোরেশনগুলোতে দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পান মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান। প্রশাসক হিসেবে গত ছয় মাস ধরে দায়িত্ব পালন করা সাখাওয়াত এবারই প্রথম বাজেট ঘোষণা করলেন।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, এবারের বাজেটে জনদুর্ভোগ লাঘবে একাধিক প্রকল্পকে গুরুত্ব দেওয়া হয়েছে। সুপেয় পানির সরবরাহ বৃদ্ধি, মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার, খাল খনন ও পুনরুদ্ধারের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে সংশ্লিষ্ট খাতে অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি নাগরিক সেবার মানোন্নয়নে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খাতেও বাড়তি অর্থ বরাদ্দের প্রস্তাব রয়েছে।

প্রস্তাবিত বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৯০০ কোটি টাকা। ফলে ১০০ কোটিরও বেশি টাকা উদ্বৃত্ত রাখার পরিকল্পনা করা হয়েছে।

বাজেটের অর্থায়নের প্রধান উৎস হিসেবে নাসিকের নিজস্ব রাজস্ব আয়কে ধরা হয়েছে। এছাড়া পানি সরবরাহ খাতের আয়, সরকারি উন্নয়ন সহায়তা, বৈদেশিক সহায়তাপুষ্ট প্রকল্প এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে প্রাপ্ত অর্থও বাজেট বাস্তবায়নের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়েছে।

বাজেট ঘোষণার সময় প্রশাসকের সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেন ও প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হেমায়েত হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম।

এছাড়া অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মান্নান ভূঁইয়া, জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *