আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজার মধ্যাঞ্চলের দেইর আল-বালাহ শহরে অবস্থিত আল-আকসা শহীদ হাসপাতালের পাশের মেডিকেল গুদামে ইসরায়েলি বিমান হামলার ঘটনা ঘটেছে। শনিবার ভোরে চালানো এ হামলায় চারটি গুদামের মধ্যে দুটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং বাকি দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আনাদোলু এজেন্সির।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, হামলায় বিপুল পরিমাণ জরুরি ওষুধ, চিকিৎসাসামগ্রী এবং রোগীদের জীবন রক্ষায় ব্যবহৃত প্রয়োজনীয় উপকরণ ধ্বংস হয়ে যায়। পাশাপাশি হাসপাতালের আশপাশে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য স্থাপিত কয়েক ডজন তাঁবুতে আগুন ধরে যায় এবং বহির্বিভাগের ভবনও ক্ষতিগ্রস্ত হয়।
হামলার সময় হাসপাতাল এলাকায় রোগী, স্বজন এবং চিকিৎসাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলার মাত্র কয়েক মিনিট আগে ওই এলাকা খালি করার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ ঘটনাকে স্বাস্থ্যব্যবস্থার ওপর ‘সরাসরি ও পরিকল্পিত’ হামলা হিসেবে আখ্যা দিয়েছে। তাদের অভিযোগ, ইসরায়েল ধারাবাহিকভাবে গাজার স্বাস্থ্য অবকাঠামো ধ্বংস করছে, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রী প্রবেশে বাধা দিচ্ছে এবং গুরুতর অসুস্থ ও আহত রোগীদের বিদেশে চিকিৎসার সুযোগও সীমিত করছে।
এ ঘটনায় জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং মানবিক সহায়তা সংস্থাগুলোর প্রতি দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
সূত্র: আনাদোলু এজেন্সি