আব্দুল আজিজ আল মাক্কী:
সাতকানিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ছদাহা কেফায়েত উল্লাহ কবির আহমদ উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে জনাব এম এ ইসহাক পুনরায় নির্বাচিত হওয়ায় এলাকাবাসীর পক্ষ থেকে তাঁকে জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন ও স্নিগ্ধ ফুলেল শুভেচ্ছা।
দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে বিদ্যালয় পরিচালনা ও সার্বিক উন্নয়নে অনন্য ভূমিকা রেখে চলেছেন তিনি। তাঁর হাত ধরে প্রতিষ্ঠানটি অবকাঠামোগত ও শিক্ষাগত মানোন্নয়নে ধারাবাহিক অগ্রগতি অর্জন করেছে।
পুনরায় নির্বাচিত হওয়ার পর অনুভূতির কথা ব্যক্ত করতে গিয়ে জনাব এম এ ইসহাক বলেন, বিদ্যালয়ের প্রতি এলাকাবাসীর এই ভালোবাসা ও আস্থা আমাকে আরও নতুন উদ্যমে কাজ করার প্রেরণা দেয়। ভবিষ্যতেও এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মান নিশ্চিতকরণ ও নান্দনিক পরিবেশ সৃষ্টিতে আমি আমার সার্বিক চেষ্টা অব্যাহত রাখব।
এদিকে তাঁর এই পুনর্নির্বাচনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সর্বস্তরের জনগণ। স্থানীয় অভিভাবক আরিফ বলেন, জনাব এম এ ইসহাক সাহেবের মতো একজন নিবেদিতপ্রাণ ও সমাজসেবী মানুষকে আমরা পুনরায় সভাপতি হিসেবে পেয়ে আনন্দিত ও গর্বিত। অতীতে তিনি যেভাবে বিদ্যালয়টিকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়েছেন, আমাদের বিশ্বাস, ভবিষ্যতেও তাঁর দূরদর্শী নেতৃত্বে প্রতিষ্ঠানটি উপজেলার অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।
নতুন মেয়াদে তাঁর গতিশীল নেতৃত্বে ছদাহা কেফায়েত উল্লাহ কবির আহমদ উচ্চ বিদ্যালয় শিক্ষা ও সংস্কৃতিতে চট্টগ্রাম অঞ্চলে আরও একধাপ এগিয়ে যাবে বলে প্রত্যাশা স্থানীয় শিক্ষানুরাগী মহল ও সচেতন নাগরিকদের।