অতিরিক্ত বিলের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জমজম হাসপাতাল কর্তৃপক্ষের

মোহাম্মদ নজরুল ইসলাম খোকন:

চকরিয়ার জমজম হাসপাতাল পিএলসিতে অতিরিক্ত বিল আদায়ের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সংবাদকে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর দাবি করে এর প্রতিবাদ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ চেয়ারম্যান (সিইও) মো. গোলাম কবির এক প্রতিবাদলিপিতে বলেন, অভিযোগের প্রকৃত তথ্য যাচাই না করেই একটি বিল ভাউচারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে, যা হাসপাতালের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা।

তিনি বলেন, চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, অক্সিজেন, বিদ্যুৎ, দক্ষ জনবলসহ চিকিৎসাসেবা পরিচালনার ব্যয় ক্রমাগত বেড়ে যাওয়ায় প্রচলিত নীতিমালা অনুযায়ী সেবামূল্য নির্ধারণ করা হয়। এরপরও জমজম হাসপাতাল পিএলসি তুলনামূলক সাশ্রয়ী ব্যয়ে মানসম্মত চিকিৎসাসেবা দিয়ে আসছে বলে দাবি করেন তিনি।

প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়, আলোচিত রোগীর চিকিৎসায় একজন এফসিপিএস বিশেষজ্ঞ তিন দিনে ছয়বারের বেশি রোগী পরিদর্শন করেন। এ বাবদ চিকিৎসকের ভিজিট ফি ২ হাজার ১০০ টাকা, তিন দিনের সিট ভাড়া ২ হাজার ১০০ টাকা, সার্ভিস চার্জ ২ হাজার ১০০ টাকা, ভর্তি ফি ৪০০ টাকা এবং আইভি চার্জ ৩০০ টাকা মিলিয়ে মোট বিল হয় ৭ হাজার টাকা। তবে রোগীর কাছ থেকে ছাড় দিয়ে ৬ হাজার ৭০০ টাকা নেওয়া হয়েছে।

মো. গোলাম কবির দাবি করেন, চট্টগ্রাম ও চকরিয়ার অন্যান্য বেসরকারি হাসপাতালের তুলনায় এ বিল তুলনামূলক কম। অথচ প্রকৃত তথ্য উপস্থাপন না করে অতিরিক্ত বিল আদায়ের অভিযোগে যে প্রচারণা চালানো হয়েছে, তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা আবদুল করিম বলেন, একটি বিলকে কেন্দ্র করে প্রকৃত ঘটনা না জেনে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে। এ ধরনের প্রচারণা হাসপাতালের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।

এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য যাচাই না করে বিভ্রান্ত না হওয়ার জন্য রোগী, স্বজন ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে জমজম হাসপাতাল কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *